ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ইরানে পাইপলাইন বিস্ফোরণে ৩ শ্রমিকের মৃত্যু

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় অন্তত তিন শ্রমিকের প্রাণহানি ঘটেছে। দেশটির তেল মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন নিউজ এজেন্সি শানা জানিয়েছে, পশ্চিমাঞ্চলের একটি তেল পাইপলাইনে রক্ষণাবেক্ষণের কাজ করার সময় সেখানে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়।


ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ইলাম প্রদেশে ন্যাশনাল ইরানিয়ান ওয়েল কোম্পানি পরিচালিত তেল পাইপলাইনে ওই বিস্ফোরণের ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তবে ঠিক কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্ত চলছে।


প্রতিবেদনে দাবি করা হয়েছে, চেশমেহ-খোশ তেলক্ষেত্র থেকে খুজেস্তান প্রদেশের রাজধানী আভাজে তেল বহনকারী ২০ ইঞ্চির একটি পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।


পাইপলাইন পরিষ্কারের সময় হঠাৎ করেই এতে বিস্ফোরণ ঘটে। ভয়াবহ এই বিস্ফোরণের পর সেখানে আগুন ধরে যায়। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে এবং ওই জায়গার সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।


ইরানে প্রায়ই বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনা ঘটে থাকে। এর মধ্যেই মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশটিতে বিভিন্ন যন্ত্রাংশ আমদানি করাও কঠিন হয়ে পড়েছে। ইসরায়েলে সঙ্গে দেশটির দীর্ঘদিনের শত্রুতা বিদ্যমান। দেশটিতে অনেক বড় বড় দুর্ঘটনার পেছনে ইসরায়েলের হাত রয়েছে বলেই দাবি ইরানের।

ads
ads
ads

Our Facebook Page

↑